ঢাকাSaturday , 29 August 2026

শিক্ষার্থী আন্দোলনে শাহরুখের সমর্থনের দাবি কি সত্যি?

banglarbibek
August 29, 2026 9:42 am । ৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি বলিউড তারকা শাহরুখ খান সমর্থন জানিয়েছেন-এমন দাবি করে সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সঠিক নয় এবং ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ভুয়া।

সামাজিক মাধ্যমে প্রচারিত ওই স্ক্রিনশটে দাবি করা হয়, শাহরুখ খান আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে লিখেছেন, তারা বই, কলম ও নিজেদের কণ্ঠস্বর দিয়ে প্রকৃত শক্তির পরিচয় দিয়েছে। পাশাপাশি তিনি আন্দোলনকে একটি স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থার দাবির লড়াই হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের প্রতি মানসিক সমর্থন জানিয়েছেন বলেও দাবি করা হয়।

স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করেন, চলমান ইস্যুতে নীরবতা ভেঙে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

তবে অনুসন্ধানে দেখা গেছে, শাহরুখ খানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের কোনো পোস্ট প্রকাশ করা হয়নি।

জানা গেছে, শাহরুখ খানের নামে পরিচালিত একটি অনুরাগী (ফ্যান) পেজে আন্দোলন-সংক্রান্ত কিছু বিষয় শেয়ার করা হয়েছিল। সেখান থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে এবং পরে সেটিকে শাহরুখের ব্যক্তিগত বক্তব্য হিসেবে প্রচার করা হয়।

ফলে বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ভুয়া এবং এ বিষয়ে শাহরুখ খান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

উল্লেখ্য, ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত চলো সংসদ কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী অংশ নেন।

এই আন্দোলনের প্রতি ইতোমধ্যে বলিউডের কয়েকজন তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রকাশ্য বক্তব্যের মাধ্যমে সংহতি জানিয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, নেহা কক্কর, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখসহ আরও কয়েকজন শিল্পী।