ঢাকাSaturday , 29 August 2026

১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য?

banglarbibek
August 29, 2026 9:43 am । ১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়াকে কেন্দ্র করে দায়ের হওয়া প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতের সমন জারির পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তিনি দাবি করেছেন, দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ার একটি শাড়ির জন্য প্রশ্নবিদ্ধ হওয়ার মতো নয়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তানজিন তিশা বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণেই এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, *“আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর ধরে কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে নিজের অবস্থান তৈরি করেছি। আমি কি ২৭ হাজার টাকার একটি শাড়ির জন্য এত বছরের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলব?”*

অভিনেত্রী আরও দাবি করেন, নতুন সিনেমার শুটিং শুরুর পরপরই তিনি আইনি নোটিশ পান এবং কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়। এতে তিনি ঘটনাটিকে পরিকল্পিত বলে মনে করছেন।

তিশার ভাষ্য, *“যখন কেউ সামনে এগিয়ে যেতে চায়, তখন কিছু মানুষ তাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে হয়েছে।

এর আগে, গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেত্রী। পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। এ অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়।

তবে মামলার অভিযোগ এখনো আদালতে বিচারাধীন। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।