
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনকে কেন্দ্র করে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। এ সময় জনপ্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশন দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে। স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানো, প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করতেই এ আয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আয়োজকদের প্রত্যাশা, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে রাজশাহীর মাঠে প্রতিযোগিতামূলক ফুটবলের পরিবেশ আরও শক্তিশালী হবে। পাশাপাশি এ আয়োজন থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন।





