ঢাকাSaturday , 29 August 2026

সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

banglarbibek
August 29, 2026 9:37 am । ৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় সংসদে হট্টগোল ও বাগবিতণ্ডার ঘটনায় বর্তমান সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে স্পিকার এ উদ্বেগের কথা জানান।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ নয়।’

তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সচল রাখতে এবং জনগণের এই প্রতিষ্ঠানকে কার্যকর রাখতে সংসদের কার্যপ্রণালির বিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

স্পিকার আরও বলেন, সংসদের কার্যপ্রণালির বিধি পড়তে হবে। স্পিকার যখন কথা বলেন, তখন সবাইকে বসে তা শুনতে হয়। এসব আইন ও নীতি না মানলে সংসদ বেশিদিন চলবে না।

সংসদে নিজের ৪০ বছরের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে একটি ভালো সংসদ উপহার দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এর আগে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি প্রশ্নটি বুঝতে পারেননি। এটি প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা, তা নিয়েও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কথাই না বলতে দেন, তাহলে কিসের বাকস্বাধীনতা।’ পরে বিরোধী দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ওই অংশ এক্সপাঞ্জ করার দাবি জানানো হয়।