ঢাকাSaturday , 29 August 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের জাতীয় দলে ফেরার পথ বন্ধ, দেশে ফিরলে আইনি প্রক্রিয়া

banglarbibek
August 29, 2026 10:56 am । ১৪১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশে ফিরলেও সাকিবের আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আবারও আলোচনায় আসেন সাকিব। এর পরিপ্রেক্ষিতেই তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আমিনুল হক বলেন, দেশে ফিরে সাকিবের জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ তিনি দেখছেন না। একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থান ছিল, সেখান থেকে সরে গিয়ে রাজনৈতিক পরিচয় বেছে নেওয়ায় তার অবস্থান বদলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

আমিনুল হক আরও বলেন, দেশে ফিরলে সাকিবকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। একজন খেলোয়াড় হিসেবে সাকিবের বিষয়টি নিয়ে তিনি ও অন্যরা অনেকটা সহনশীল ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাকে দেশে ফেরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ তিনি দেখছেন না।

এদিকে দেশে ফেরার বিষয়ে বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। তিনি বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানালে তিনি আনন্দের সঙ্গে দেশে ফিরবেন এবং আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

সাকিবের এমন বক্তব্যের পর একদিকে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ, অন্যদিকে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ—দুই বিপরীত অবস্থান নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।