ঢাকাThursday , 3 September 2026
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

banglarbibek
September 3, 2026 7:03 pm । ১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতারসহ বিভিন্ন গ্রীষ্মকালীন খেলায় বালক ও বালিকারা পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শরীরচর্চা শিক্ষক ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে।

তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিচর্চা আরও বাড়ানোর আহ্বান জানান।

শিক্ষার্থীদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় উৎসবমুখর পরিবেশে এবারের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হয়।