
নিজস্ব প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি হযরত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, নেজামপুর আলিম মাদ্রাসার সুপার মাহবুব আলম, পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিভিন্ন পর্ব শেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে এবং জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতেও এ আয়োজন ভূমিকা রাখবে।





