ঢাকাSaturday , 3 October 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট ৫ অক্টোবর

banglarbibek
October 3, 2026 9:58 am । ৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শুরু হচ্ছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এতে বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেওয়ার কথা রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান টুর্নামেন্ট পরিচালক হাসিনুর রহমান টিংকু। লিখিত বক্তব্যও পাঠ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য দেন মিডিয়া কমিটির আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মিডিয়া কমিটির সদস্য ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য শ.ম. সাজু, পরিচালনা কমিটির সদস্য আক্কাস আলী এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের সিনিয়র সদস্য মনোয়ার হোসেন বিদ্যুৎ।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদান এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। ৪ অক্টোবর কোয়ালিফাইং রাউন্ড এবং ৫ অক্টোবর সকাল ৯টায় মূল পর্বের খেলা শুরু হবে। ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। দর্শকদের জন্য খেলা দেখার কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।

বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা অংশ নেবেন। রাজশাহীর পাঁচজন খেলোয়াড়ও প্রতিযোগিতায় অংশ নেবেন।

টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জি। আয়োজকেরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে রাজশাহীতে টেনিসের প্রসার এবং দেশি-বিদেশি খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।