
নিজস্ব প্রতিবেদক : ‘খেলাধুলায় মেতে থাকি, মাদকমুক্ত সমাজ গড়ি’ -এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে তাহেরপুর ফুটবল একাডেমি। তারুণ্যের উদ্দীপনা ও মাঠভরা দর্শকের উচ্ছ্বাসে জমজমাট হয়ে ওঠেছিল এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আ. ন. ম. শামসুর রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে শামসুর রহমান মিন্টু বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।
তিনি বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তরুণদের মাঠমুখী করতে হবে। এ ক্ষেত্রে তাহেরপুর ফুটবল একাডেমির উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সামাজিক সম্প্রীতিও জোরদার হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়, দর্শক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





