ঢাকাSunday , 25 October 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে নারী হ্যান্ডবল দলের তিন খেলোয়াড়কে সংবর্ধনা

banglarbibek
October 25, 2026 6:18 pm । ০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধি : আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্যে অবদান রাখায় জাতীয় নারী হ্যান্ডবল দলের তিন খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন। আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশ দলের রানার্সআপ হওয়ার গৌরব উপলক্ষে সুমাইয়া আক্তার, অনুরাধা পাহান ও পূর্ণিমা রানীকে এ সম্মাননা দেওয়া হয়।

উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথি বলেন, সুমাইয়া, অনুরাধা ও পূর্ণিমা বদলগাছীসহ পুরো দেশের গর্ব। আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের সাফল্য দেশের নারীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ তরুণ প্রজন্মকে ক্রীড়াচর্চায় আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, এলাকার মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করায় তাঁরা গর্বিত। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও কৃতী খেলোয়াড়দের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করেন তিন খেলোয়াড়। সুমাইয়া আক্তার বলেন, মাঠে তাঁদের লক্ষ্য থাকে লাল-সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরা। এ সম্মাননা তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করে তিনি কোচ, টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের অবদানের কথাও তুলে ধরেন।

অনুরাধা পাহান বলেন, মাঠের কঠোর পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি হিসেবে পাওয়া এই ভালোবাসা তাঁকে ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। পূর্ণিমা রানী বলেন, দেশের মানুষের এমন ভালোবাসা তাঁদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে। খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে আগ্রহী মেয়েদের জন্যও এ সংবর্ধনা অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে তিন খেলোয়াড়ই ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।