ঢাকাWednesday , 28 October 2026
আজকের সর্বশেষ সবখবর

আলভারেজকে ঘিরে বিতর্ক, বার্সেলোনাকে জরিমানা – Padmatimes24

banglarbibek
October 28, 2026 6:05 am । ২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে ঘিরে দলবদল বিতর্কে জরিমানার মুখে পড়েছে স্পেনের অন্যতম শীর্ষ ক্লাব বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে ক্লাবটিকে ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

অ্যাতলেটিকোর অভিযোগ, ক্লাবকে লিখিতভাবে না জানিয়েই আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। বিষয়টি স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের কাছে তুলে ধরে মাদ্রিদের ক্লাবটি। অভিযোগের পরিপ্রেক্ষিতে বার্সেলোনাকে জরিমানা করা হয়।

বিশ্বকাপ চলাকালে আলভারেজের দল ছাড়ার ইঙ্গিত এবং বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহ নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা সফল হয়নি। আলভারেজকে ধরে রাখতে সক্ষম হয় অ্যাতলেটিকো মাদ্রিদ।

এ ঘটনায় অ্যাতলেটিকো মাদ্রিদ আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছেও অভিযোগ জানিয়েছিল। তবে ফিফা জানায়, বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়।

দলবদল নিয়ে বিতর্কের জেরে অ্যাতলেটিকো সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখেও পড়েছিলেন ২৬ বছর বয়সী আলভারেজ। সম্প্রতি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, তাঁর মন্তব্যের ধরন ও সময় ঠিক ছিল না। সমর্থকদের ক্ষোভের কারণ তিনি বুঝতে পেরেছেন বলেও জানান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আলভারেজের সঙ্গে অ্যাতলেটিকোর চুক্তি রয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। সম্প্রতি দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচজয়ী গোল করার পর সমর্থকেরা তাঁকে দাঁড়িয়ে সম্মান জানান। ওই জয়ের ফলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে অ্যাতলেটিকোর ব্যবধান কমে দুই পয়েন্টে দাঁড়ায়।

এর আগে ২০১৯ সালেও একই ধরনের অভিযোগের মুখে পড়েছিল বার্সেলোনা। ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যানকে দলে নেওয়ার ঘটনায় অ্যাতলেটিকোর অভিযোগের পর স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ বার্সেলোনাকে ৩০০ ইউরো জরিমানা করেছিল।