ঢাকাFriday , 9 October 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক জুনিয়র টেনিসে মেয়েদের দুই শিরোপাই চীনের

banglarbibek
October 9, 2026 2:34 pm । ৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টে মেয়েদের একক ও দ্বৈত—দুই ইভেন্টেই শিরোপা জিতেছে চীন। মেয়েদের এককে স্বদেশি প্রতিপক্ষ জেনসি ডঙকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জিমো সঙ। অন্যদিকে দ্বৈতে শিরোপা জিতেছেন চীনের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে মেয়েদের এককের ফাইনাল অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন জিমো সঙ। দুই সেটেই প্রতিপক্ষকে কোনো গেম জিততে না দিয়ে সরাসরি শিরোপা নিশ্চিত করেন তিনি।

এককের ফাইনালে এমন একতরফা জয় আয়োজক ও সংশ্লিষ্টদের প্রত্যাশার বাইরে ছিল। তবে মেয়েদের দ্বৈত ফাইনালে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। বেলা ১২টায় অনুষ্ঠিত এ ফাইনালে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন চীনের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি।

টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, মেয়েদের এককের ফাইনালটি কিছুটা দুর্ভাগ্যজনকভাবে একতরফা হয়ে গেছে। জিমো সঙ ৬-০, ৬-০ গেমে জয় পেয়েছেন। টুর্নামেন্টজুড়ে চীনের খেলোয়াড়েরা ভালো খেলেছেন। তবে ফাইনালে এমন একতরফা লড়াই হবে, তা তাঁরা আশা করেননি।

দ্বৈত ফাইনাল প্রসঙ্গে তিনি বলেন, এ ম্যাচে দুই পক্ষের মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। শেষ পর্যন্ত চীনের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জিতেছে।

এদিকে শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে ছেলেদের এককের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল ও তাইওয়ানের জিচে চেন।

শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে হংকংয়ের চুন কিউ লককে হারিয়ে ফাইনালে ওঠেন লিকুল পার্টচারাপুল। অন্যদিকে চীনের ফ্যাং তিয়ানিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জিচে চেন।

ছেলেদের এককের ফাইনাল নিয়ে আশাবাদী টুর্নামেন্ট রেফারি জয় মুখার্জী। তিনি বলেন, ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো র‍্যাঙ্কিংয়ের। তাঁরা টুর্নামেন্টে একাধিক কঠিন ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছেন। তাই ফাইনালটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন তিনি।

গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হওয়া এ টুর্নামেন্টের পর্দা নামবে শনিবার। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছেন।