ঢাকাSaturday , 29 August 2026

রাজশাহীর কৃষকের বাগানে ২১ লাখ টাকার স্বপ্ন

banglarbibek
August 29, 2026 9:46 am । ১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: প্রচলিত কৃষিকাজে কাঙ্ক্ষিত সফলতা না পেয়ে নতুন সম্ভাবনার খোঁজে বিদেশি আঙ্গুর চাষ শুরু করেছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ এলাকার কৃষক বোরহান উদ্দীন। ইউটিউব দেখে শখের বশে শুরু করা সেই উদ্যোগ এখন রূপ নিয়েছে সম্ভাবনাময় বাণিজ্যিক বাগানে।

ছেলের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আঙ্গুরের চারা সংগ্রহ করে প্রথমে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন তিনি। ফলন আশানুরূপ হওয়ায় ধীরে ধীরে বাগানের পরিধি বাড়ান। বর্তমানে প্রায় পৌনে দুই বিঘা জমিতে ৩৪৫টি আঙ্গুরগাছ নিয়ে গড়ে তুলেছেন বড় একটি বাগান।

সবুজ পাতার ফাঁকে থোকা থোকা আঙ্গুরে ভরে উঠেছে পুরো বাগান। দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি স্বাদেও বেশ ভালো বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাগান মালিক মো. বোরহান উদ্দীন বাবু বলেন, শুরুতে অনেকেই আঙ্গুর চাষ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু এখন ফলন দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। নিয়মিত পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করায় ভালো ফলন পাওয়া যাচ্ছে।

স্থানীয় কৃষকরাও বাগানটি দেখতে এসে আগ্রহ প্রকাশ করছেন। তাদের অনেকেই ভবিষ্যতে আঙ্গুর চাষে যুক্ত হওয়ার ইচ্ছা জানিয়েছেন।

বাগান সংশ্লিষ্ট পরিচালক ইমাম হাসান সাগর বলেন, আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে বাজারে আঙ্গুর বিক্রির পরিকল্পনা রয়েছে। চলতি মৌসুমে বাগানে প্রায় ৭ হাজার ২০০ কেজি আঙ্গুর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে রাজশাহীর আবহাওয়ায় বিদেশি ফলের চাষও সফলভাবে সম্ভব। বোরহান উদ্দীনের এই উদ্যোগ অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।