ঢাকাSaturday , 31 October 2026
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অনুষ্ঠিত হলো রাঙাপরি এমসিসি ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার অকশন

banglarbibek
October 31, 2026 1:01 pm । ১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসরের প্লেয়ার অকশন।

রাঙাপরি ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজের পৃষ্ঠপোষকতায় শনিবার (৩১ অক্টোবর) নগরীর পদ্মাপাড়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, রাঙাপরি ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজের চেয়ারম্যান মাসুম সরকারসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা।

টুর্নামেন্টের দ্বাদশ আসরে ১২টি দল অংশ নিচ্ছে। অকশনের মাধ্যমে ২৫২ জন ক্রিকেটার থেকে প্রতিটি দলে ২১ জন করে খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, এ ধরনের আয়োজন রাজশাহীর ক্রিকেটের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়রাও উৎসাহিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, এমসিসি টুর্নামেন্ট রাজশাহীর ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের মূল্যায়নের সুযোগ তৈরি করেছে। নগরীতে খেলাধুলার প্রসারে ২১টি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এমসিসি আয়োজনেও সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আয়োজকরা জানান, স্থানীয় সাবেক ক্রিকেটারদের উদ্যোগে শুরু হওয়া এমসিসি টুর্নামেন্ট ইতোমধ্যে রাজশাহী ছাড়িয়ে জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছে। দেশের বাইরের ক্রিকেটাররাও বিভিন্ন সময়ে এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। এক যুগ পূর্তি উপলক্ষে এবারের আসর আরও জমকালোভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।