ঢাকাSaturday , 26 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

banglarbibek
September 26, 2026 5:47 am । ৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী রেশম শিল্পের পরিচয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর পরিচিতিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথনটির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সিল্ক সিটি রানার্স কমিউনিটি এ আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর ফিতা কেটে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে দৌড়টি ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মো. মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নাঈম আব্দুল্লাহ এবং সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা মোসা. রিক্তা পারভিন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতায় সিল্ক সিটির ঐতিহ্য পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে রাজশাহী আরও আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ সিল্ক নগরীতে পরিণত হবে।

রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহীকে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মহানগর হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি রাজশাহীর ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আয়োজকেরা জানান, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ জন দৌড়বিদ এতে অংশ নেন। নারী, পুরুষ, শিশু, কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকদের ভাষ্য, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ও ‘সিল্ক সিটি’ পরিচিতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়ানো, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।